৯ মিনিটে ফুল চার্জ হবে রেডমির সর্বশেষ ফোন

২৮ অক্টোবর, ২০২২ ২০:৪২  
গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে, স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের স্মার্টফোনে চার্জিং গতি কমিয়ে আনার জোর প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ৩০ মিনিট থেকে ১৫ মিনিটের মধ্যেও ফুল চার্জিং সময়সীমা নেমে এসেছে। তবে সেই সময়টিও শাওমির কাছে মনে হয় একটু বেশি মনে হয়েছে। শুক্রবার শাওমি তাদের রেডমি নোট ১২ সিরিজের ফোন উন্মোচন করেছে। যেখানে রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশন নামে একটি মডেল রয়েছে। এই ফোন রয়েছে ২১০ ওয়াটের হাইপারচার্জ সক্ষমতা। এই ফিচারটি তিনটি ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং চিপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। শাওমি দাবি করেছে, মাত্র ৯ মিনিটেই ৪৩০০ এমএএইচ ব্যাটারির ফোনটি ফুল চার্জ সম্ভব হবে। নতুন এই চার্জিং প্রযুক্তির সাথে একটু তুলনা করা যাক। শাওমি ইতিমধ্যেই ১২০ ওয়াটের হাইপারচার্জ এবং অপো ১৫০ ওয়াটের সুপারভিওওসি চার্জ প্রযুক্তি বাজারে এনেছে, যা একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি চার্জ হতে ১৫ মিনিট সময় নেয়। রেডমি নোট ১২ এক্সপ্লোরার সংস্করণে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের মধ্যমানের প্রসেসর ‘ডাইমেনসিটি ১০৮০’। সাথে থাকছে ৬.৬৭ ইঞ্চির ওএলইডি স্ক্রিণ। এছাড়া প্রধান ক্যামেরা হিসেবে থাকছে ২০০ মেগাপিক্সেলের মেইন সেন্সর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সংস্করণটি শুধুমাত্র ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে এসেছে। তবে আগের মতোই স্টোরেজ বাড়ানোর কোনো সুযোগ পাচ্ছেন না ব্যবহারকারীরা। ডিবিটেক/বিএমটি